শুনানিতে যাচ্ছে ফেসবুক-গুগল, নিরব টুইটার

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৯  
আগামী ১৮ সেপ্টেম্বরের সিনেট বাণিজ্য বিভাগে শুনানির মুখোমুখি হচ্ছে গুগল, ফেসবুক এবং টুইটার। সোশ্যাল মিডিয়ায় সহিংসতা বন্ধে তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে এই শুনানিতে। ইতোমধ্যে ফেসবুক এবং গুগল তারা সম্মতি জানিয়েছে এই পরিকল্পনায় তারা অংশগ্রহণ করবে। তবে টুইটার এবিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, গুগল, ফেসবুক এবং টুইটারকে তাদের প্ল্যাটফর্ম থেকে আক্রমনাত্নক কনটেন্ট মুছে দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে সাক্ষ্য দেওয়ার আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট প্যানেল। সিনেট কমিটির এক বিবৃতিতে বলা হয়, সহিংসতামূলক কনটেন্ট বন্ধে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কি উদ্যোগ নিয়েছে তার সাক্ষ্য প্রমাণ দলিলসহ উপস্থাপন করতে হবে। অন্যদিকে প্রশাসনের সঙ্গে প্রতিষ্ঠানগুলো কতটা সহযোগিতামূলক আচরণ করছে তা দেখা হবে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে ফেসবুক, টুইটার এবং ইউটিউব থেকে বেশকিছু ক্ষতিকর কনটেন্ট মুছে দেওয়া হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে প্রাইভেসি লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ফেসবুক এবং গুগলে বিশাল অংকের আর্থিক জরিমানা করেছে।